
বান্দরবানের লামায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনলাইন পোর্টাল “লামার আলোর” প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ও গুণীজন সংবর্ধনা দেয়া হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর (উশৈসিং) বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ দৃষ্টি থাকায় পার্বত্য জনপদের ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে এবং চলমান রয়েছে শত শত কোটি টাকার কাজ। তিনি আরো বলেন, সরকারের সকল উন্নয়ন কর্মকাণ্ড প্রকাশ ও প্রচারে অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে “লামার আলো”। প্রতিষ্ঠার একবছরের মধ্যে পোর্টালটি উন্নয়ন সাংবাদিকতায় ভালো ভূমিকা রেখেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেন, “লামার আলো প্রচার প্রকাশের পাশাপাশি বৃহত্তর লামার বিভিন্ন অঙ্গনে গুনীজনদের স্মরণ সংবর্ধনার আয়োজন করে একটি উৎকৃষ্ট দৃষ্টান্ত স্থাপন করলো। তিনি বলেন, লামার আলো পরিবারের সদস্যরাও একদিন গুণীজন হিসেবে সংবর্ধিত হবেন। সাম্প্রতিক কালের কোন এক প্রসঙ্গ টেনে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এ অঞ্চলে উচ্চতর শিক্ষাবৃত্তি প্রদানে নিরপেক্ষ ও সচ্চতার সাথে কাজ করছে। কিন্তু একটি মহল বৈষম্যের কথিত ইস্যু তৈরি করেছে। এর আগে অতিথিগন লামার আলো পোর্টালের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।
শুক্রবার বিকেল তিনটায় অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে লামা পৌর মেয়র জহিরুল ইসলামের সভাপতিত্বে ও লামার আলো পোর্টালের সম্পাদক মোঃ কামরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পোর্টালের চেয়ারম্যান প্রদীপ কান্তি দাশ, অধ্যাপক লুৎফা বেগম, ডাঃ নূর মোহাম্মদ প্রমুখ।
শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদ্বয় গুণীজনদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক, পুলিশ সুপার তারিকুল ইসলাম, বিভাগীয় বন কর্মকর্তা লামা ও মন্ত্রীর অন্যান্য সফরসঙ্গী গন।
মোঃ ইউসুফ আলী, স্টাফ রিপোর্টার।।
আপনার মতামত লিখুন :