
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:- বান্দরবানে হঠাৎ করেই আশঙ্কাজনকভাবে বেড়েছে হামের প্রাদুর্ভাব। আক্রান্ত রোগীদের মধ্যে সিংহভাগই দুর্গম পাহাড়ি অঞ্চলের বাসিন্দা। বর্তমানে আক্রান্ত বহু শিশু ও প্রাপ্তবয়স্ক বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আজ, ১ আগস্ট হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের সার্বিক খোঁজখবর নিতে যান বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জনাব জাবেদ রেজা। পরিদর্শনের সময় তিনি চিকিৎসাধীন রোগীদের চিকিৎসা ও শারীরিক অবস্থার বিস্তারিত তথ্য নেন।
পরে জনাব জাবেদ রেজা প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে হামে আক্রান্ত অসহায় রোগীদের মাঝে নগদ অর্থ সহায়তা ও জরুরি বিশুদ্ধ পানীয় জল বিতরণ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জনাব জসিম উদ্দিন তুষার, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জনাব আবিদুর রহমান।
পরিদর্শন শেষে জাবেদ রেজা বলেন, “দুর্গম পাহাড় থেকে চিকিৎসা নিতে আসা এই মানুষগুলো অত্যন্ত অসহায় ও দরিদ্র। এই সংকট মুহূর্তে কোনো রাজনৈতিক বা ধর্মীয় ভেদাভেদ না রেখে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সমাজের সামর্থ্যবান প্রতিটি মানুষকে এসব মানুষের পাশে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানাচ্ছি।”
এদিকে, পাহাড়ি অঞ্চলে হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আনা এবং আক্রান্তদের নিরবচ্ছিন্ন চিকিৎসা সেবা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও নানা পদক্ষেপ ও চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
আপনার মতামত লিখুন :