নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে আলীকদম সেনা জোনের প্রস্তুতি ও নিরাপত্তা সভা এবং সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত


admin প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৫, ২০২৬, ৬:৪৪ অপরাহ্ন /
নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে আলীকদম সেনা জোনের প্রস্তুতি ও নিরাপত্তা সভা এবং সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রিন্ট করুন

লামার আলো ডেস্ক:-

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা, সমন্বয় জোরদার এবং সংশ্লিষ্ট সকল সংস্থার মধ্যে কার্যকর যোগাযোগ নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম সেনা জোনের উদ্যোগে এক বিশেষ আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সভা এবং স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

০৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ ১১০০-১৪০০ ঘটিকা পর্যন্ত লামা উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ গুরুত্বপূর্ণ সভায় সভাপতিত্ব করেন লামা উপজেলার নির্বাহী অফিসার জনাব মোঃ মঈন উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ আশিকুর রহমান আশিক, এসপিপি, পিএসসি (অধিনায়ক, ৩১ বীর)।

সভায় আলীকদম ও লামা উপজেলার আওতাধীন সকল ভোটকেন্দ্রের সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নির্বাচনকালীন সময়ের সম্ভাব্য চ্যালেঞ্জ, ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিতকরণ, ভোটারদের নির্বিঘ্ন উপস্থিতি নিশ্চিতকরণ এবং ভোটগ্রহণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভায় আরও উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোনের জোন উপ-অধিনায়ক, সাব-জোন কমান্ডার, জোনাল স্টাফ অফিসার, আলীকদম ও লামা উপজেলার নির্বাহী কর্মকর্তাবৃন্দ, বিজিবি, বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি বাহিনীর প্রতিনিধিগণ এবং নির্বাচন ও প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ।

সভা শেষে জোন কমান্ডার মহোদয় আলীকদম ও লামা উপজেলার ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন এবং নির্বাচনকে সামনে রেখে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা পরিকল্পনা এবং বিভিন্ন বাহিনীর সমন্বিত কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ব্রিফিং প্রদান করেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, জাতীয় সংসদ নির্বাচন সংবিধান স্বীকৃত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কার্যক্রম, যার শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ বাস্তবায়ন দেশের স্থিতিশীলতা, উন্নয়ন এবং গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখার ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা, গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে গণমাধ্যমের দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের ভৌগোলিক বৈশিষ্ট্য, সামাজিক বৈচিত্র্য এবং নিরাপত্তাগত সংবেদনশীলতা বিবেচনায় নির্বাচনকালীন সময়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখা অত্যন্ত জরুরি। এ প্রেক্ষাপটে তিনি সাংবাদিকদের নির্বাচন সংক্রান্ত সংবাদ পরিবেশনের ক্ষেত্রে তথ্যের যথাযথ যাচাই-বাছাই নিশ্চিত করা, বিভ্রান্তিকর বা উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার থেকে বিরত থাকা এবং রাষ্ট্রীয় স্বার্থ ও প্রচলিত আইনানুগ কাঠামোর মধ্যে থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান।

তিনি আরও জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা এবং সরকার কর্তৃক গৃহীত নীতিমালার আলোকে নির্বাচনকালীন সময়ে আইন-শৃঙ্খলা রক্ষা, ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নির্বাচনী কার্যক্রম নির্বিঘ্নভাবে সম্পন্ন করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে।

পরিশেষে, একটি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল, অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকল পক্ষের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।

“খবর বিজ্ঞপ্তি”