টিলা ধসে একই পরিবারের ৪ জনের মৃত্যু সিলেট


admin প্রকাশের সময় : জুন ৬, ২০২২, ৪:২০ পূর্বাহ্ন / ৪৩
টিলা ধসে একই পরিবারের ৪ জনের মৃত্যু সিলেট
প্রিন্ট করুন

সিলেটের জৈন্তাপুর উপজেলায় টিলা ধসে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরো পাঁচজন। আজ সোমবার (৬ জুন) ভোরে উপজেলার চিকনাগুল ইউনিয়নের পূর্ব সাতজানি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জুবের আহমদ (৩৫), তার স্ত্রী সুমি বেগম (৩০), তাদের ৫ বছর বয়সী ছেলে সাফি আহমদ ও জুবের আহমদের মা শামীমারা বেগম (৫৮)।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই টিলাটির প্রায় অর্ধেক অংশ অবৈধভাবে কেটে ফেলায় ও টানা তিনদিনের বৃষ্টির কারণে ধসের ঘটনা ঘটেছে। সংবাদ পাওয়ার পরপরই দ্রুত পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

শামীম আরার স্বজন ইমামুল হাসান সাজু জানান, প্রতিদিনের মতো তারা ঘুমিয়ে ছিলেন। সোমবার ভোরে পাশের টিলা তাদের টিনসেড ঘরে ধসে পড়ে। ঘটনাস্থলেই মারা যান চারজন।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) লুতফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুটি ঘরে একই পরিবারের আটজন সদস্য বাস করতো। এর মধ্যে চারজনের মৃত্যু হয়েছে। বাকিরা সামান্য আহত হয়েছেন।