দিনাজপুর চিরিরবন্দর প্রতিনিধি…মাহাফুজুল ইসলাম আসাদ
দিনাজপুরের চিরিরবন্দরে পৃথক সড়ক দূর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। দূর্ঘটনার ঘটনায় বিক্ষুব্ধ জনতা একটি ট্রাকে অগ্নিসংযোগ করেছে। বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে চিরিরবন্দর উপজেলার ভুষিরবন্দর বাজার ও চম্পাতলী বাজার এলাকায় এসব দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের বড় হাশিমপুর মন্টুশাহপাড়া এলাকার আতাবউদ্দিনের ছেলে আমিন (৫০), নশরতপুর ইউনিয়নের রানীপুর এলাকার সাবেক ইউপি সদস্য সইমদ্দিনের ছেলে আব্দুস সবুর (৪৫) ও আলোকডিহি ইউনিয়নের ঘাটেরপাড়া কলেজমোড় এলাকার বাসিন্দা ভ্যানচালক শনু (৪৫)। দূর্ঘটনায় আহত হয়েছেন নিহত আমিনের স্ত্রী মেরি (৪৫)। তাকে সৈয়দপুরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে একটি এনজিও থেকে টাকা তোলার জন্য স্বামী আমিন ও স্ত্রী মেরি রানীরবন্দর এলাকায় এসেছিলেন। পরে বিকেলে তারা একটি ভ্যানযোগে বাড়ি ফেরার সময় পিছন থেকে একটি ড্রাম ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয় এবং তাদেরকে পিষ্ট করে। এতে ঘটনাস্থলেই আমিন ও ভ্যানচালক শনু মারা যান। পরে আহতাবস্থায় উদ্ধার করে মেরিকে সৈয়দপুরের একটি হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।
ছবি দিনাজপুর চিরিরবন্দর প্রতিনিধি…মাহাফুজুল
এদিকে বিকেলে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার সময় ভুষিরবন্দর এলাকায় একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষে নিহত হয় আব্দুস সবুর। চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ বলেন, দুটি পৃথক সড়ক দূর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। এই ঘটনায় বিক্ষুব্ধ জনতা একটি ড্রাম ট্রাকে অগ্নিসংযোগ করে। এ সময় উদ্ধারকাজে আসা ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিভিয়ে ফেলে। হাইওয়ে থানার ওসি আলী নেওয়াজ মোহাম্মদ মাসুদ বলেন, দূর্ঘটনার পরপরই হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালিয়েছে। ফলে মহাসড়ক দিয়ে যানচলাচল স্বাভাবিক রয়েছে। আহত নারীকে সৈয়দপুরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
সংবাদ দাতা- মাহাফুজুল ইসলাম আসাদ চিরিরবন্দর প্রতিনিধি মোবাইল -০১৭৬১২৫১৫৫৮
আপনার মতামত লিখুন :