
লামার আলো ডেস্ক:-লামা উপজেলার সরই ইউনিয়নের বোধিছড়ায় অবস্থিত কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের শিক্ষার্থীরা ২০তম সিঙ্গাপুর জিমন্যাস্টিকস ওপেন চ্যাম্পিয়নশিপে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। দলগত ও একক — উভয় বিভাগে তারা স্বর্ণপদক অর্জন করে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো আন্তর্জাতিক জিমন্যাস্টিকস প্রতিযোগিতায় দলগত স্বর্ণ জয়ের কৃতিত্ব দেখিয়েছে।
২০২৫ সালের ২৮ মে থেকে ২ জুন পর্যন্ত সিঙ্গাপুরে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক আসরে ১৫টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় জিমন্যাস্টিকস প্রতিযোগিতা। বাংলাদেশ জাতীয় জিমন্যাস্টিকস দলে ছিল ৭ জন সদস্য, যাদের মধ্যে ৫ জনই কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের শিক্ষার্থী।এই প্রতিযোগিতায় বাংলাদেশ মোট ১৩টি পদক জয় করে, যার মধ্যে ১০টি এসেছে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের শিক্ষার্থীদের হাত ধরে।বিশেষভাবে উল্লেখযোগ্য— জুনিয়র দলগত বিভাগে প্রেনথৈ ম্রো, উটিংওয়াং মার্মা ও মেনটন টনি ম্রো দলীয় স্বর্ণপদক অর্জন করেন। পোমেল হর্স ইভেন্টে স্বর্ণ জেতেন মেনটন টনি ম্রো। ভল্টিং টেবিল ইভেন্টে স্বর্ণপদক জয় করেন উটিংওয়াং মার্মা।
প্রেনথৈ ম্রো এককভাবে প্রতিযোগিতায় ৫টি পদক অর্জন করেন— একটি স্বর্ণ, দুটি রৌপ্য এবং দুটি ব্রোঞ্জ। জুনিয়র ইনডিভিজ্যুয়াল অল-অ্যারাউন্ড বিভাগে ব্রোঞ্জ জিতে তিনি এই বিভাগে বাংলাদেশের জন্য প্রথম পদকটি এনে দেন।এছাড়াও, সিনিয়র বিভাগে বাংলাদেশের দলীয় রৌপ্যপদক জয়েও অবদান রাখেন কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের শিক্ষার্থী রাজীব চাকমা ও উহাই মং মার্মা।বিদ্যালয়ের অধ্যক্ষ সালেহ আহমেদ বলেন, “আমাদের শিক্ষার্থীদের এই অর্জন শুধু প্রতিষ্ঠান নয়, পুরো দেশের জন্য গর্বের। ভবিষ্যতে আন্তর্জাতিক মঞ্চে আরও বড় সাফল্যের জন্য তারা প্রস্তুত হচ্ছে।”এই সাফল্য বাংলাদেশের জিমন্যাস্টিকস ইতিহাসে নতুন দিগন্ত উন্মোচন করেছে, বিশেষ করে স্কুল ও কলেজ পর্যায়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ ও পদক জয়ের ক্ষেত্রে।
আপনার মতামত লিখুন :