
লামার আলো ডেস্ক:- বান্দরবান পার্বত্য জেলাধীন লামা পৌরসভার ২০২৬-২০২৭ অর্থ বছরের ১১ কোটি ২৩ লক্ষ ০৩ হাজার ৬ শত ১৩ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন, ২০২৬) সকাল ১১.৩০ টায় লামা পৌরসভা মিলনায়তনে এ বাজেট ঘোষনা করেন পৌর প্রশাসক মোঃ মঈন উদ্দিন। বাজেট ঘোষনা অনুষ্ঠানে লামা পৌরসভা প্রশাসকের কর্মসম্পাদনে সহায়তা প্রদান কমিটির সদস্য, পৌর কর্মকর্তা-কর্মচারীগণ, লামা পৌর এলাকার বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
এ বছরের মোট রাজস্ব আয়ের পরিমাণ ২ কোটি ৩৩ লক্ষ ৬৩ হাজার ৭ শত ২২ টাকা। মোট রাজস্ব ব্যয় ২ কোটি ১৯ লক্ষ ৩০ হাজার টাকা। সমাপনী স্থিতি ১৪ লক্ষ ৩৩ হাজার ৭ শত ২২ টাকা। এ খাতে উল্লেখযোগ্য ব্যয়ের মধ্যে সাধারণ সংস্থাপন শাখার জন্য ১ কোটি ৬৮ লক্ষ ৬০ হাজার টাকা, স্বাস্থ্য ও পয়ঃ প্রনালী খাতে ২৫ লক্ষ ২০ হাজার, শিক্ষা খাতে ২ লক্ষ টাকা। এছাড়া পানি সরবরাহ ব্যয় সহ প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়েছে।
উন্নয়ন খাতে মোট আয় ও ব্যয় ধরা হয়েছে ৮ কোটি ৭০ লক্ষ টাকা। আয় বিবরণে সরকার প্রদত্ত উন্নয়ন সহায়তা মঞ্জুরী ১ কোটি টাকা, কোভিড-১৯ রিকভারি প্রজেক্ট বাবদ ৩ কোটি টাকা, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড হতে ৫০ লক্ষ টাকা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় হতে প্রদত্ত মঞ্জুরী ৫০ লক্ষ টাকা, লামা পৌরসভা অবকাঠামো উন্নয়ন প্রকল্প (সরকার কর্তৃক বিশেষ বরাদ্দ) হতে ২০ লক্ষ টাকা, পৌর ভবন সম্প্রসারণ ৫০ লক্ষ টাকা এবং গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প হতে ৩ কোটি টাকা ধরা হয়েছে।
ব্যয় বিবরণে অবকাঠামো উন্নয়ন ৫ কোটি ৪০ লক্ষ, পৌর ভবন সম্প্রসারণ ও সংস্কার, স্টাফ ডরমেটরী নির্মান, পৌর ভবনের বাউন্ডারী ওয়াল নির্মান, মার্কেট নির্মাণ বাবদ ০১ কোটি ৩০ লক্ষ, অন্যান্য উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য ১ কোটি ৫৫ লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
পৌর প্রশাসক মোঃ মঈন উদ্দিন ঘোষিত বাজেটের সফল বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সচিবসহ লামা পৌরসভার সর্বস্তরের জনগনের সার্বিক সহযোগীতা কামনা করেন।
প্রশাসক মোঃ মঈন উদ্দিন এঁর সভাপতিত্বে বাজেট ঘোষনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সাবেক মেয়র বিএনপি নেতা মোঃ আমির হোসেন, বিএনপি নেতা আব্দুর রব, ওয়ার্ড কাউন্সিলরের দায়িত্বরত উপজেলা প্রকৌশলী মোঃ আবু হানিফ, লামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কাইছার হামিদ, পৌর প্রকৌশলী রুইপ্রু অং মার্মা, লামা প্রেসক্লাব সভাপতি বীরমুক্তিযোদ্ধা প্রিদর্শী বড়ুয়া, জামায়াতে ইসলামী লামা উপজেলা শাখার আমির কাজী মোঃ ইব্রাহীম।
পৌরসভার লাইসেন্স ইন্সপেক্টর মোঃ তানফিজুর রহমান এর সঞ্চালনায় বাজেট অধিবেসনে লামা উপজেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ঘোষিত বাজেটে পৌর নাগরিকদের উপর করের বোঝা চাপিয়ে দেয়ার সমালোচনাসহ পৌর প্রশাসকের প্রসংশাও করা হয়েছে। বিদেশি ঋণ পরিশোধ, পৌর কর্মকর্তা কর্মচারীদের বেতন রেগুলার রাখা, বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ, মৃত্যুবরণকারী পৌরসভার স্ট্যাফের প্রাপ্য প্রদানসহ বিভিন্নসূচকে লামা পৌরসভাকে পূর্বের অবস্থা থেকে এগিয়ে নেয়ার প্রসংশা করা হয়।
শিক্ষাখাতে ব্যায় বৃদ্ধিসহ পয়প্রণালী, ড্রেনেজ ব্যবস্থার আরো উন্নয়ন, পরিকল্পিত নগরায়ন করার বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান সাবেক মেয়র মোঃ আমির হোসেন। জামায়াতে ইসলামী লামা উপজেলা শাখার আমির কাজী মোঃ ইব্রাহীম উন্নয়ন কাজের স্বচ্ছতা নিশ্চিতের উপর জোর দেয়ার তাগিদ দেন। অনুষ্ঠানের শুরুতে লামা থানায় সদ্য যোগদানকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইছার হামিদকে পৌরবাসীর পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন।
আপনার মতামত লিখুন :