
লামার আলো ডেস্ক:-
বান্দরবানের লামা পৌরসভার বিভিন্ন জ্বালানি গ্যাস ও জ্বালানি তেলের দোকানে সচেতনতামূলক মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। রোববার (০৪ জানুয়ারি ২০২৬) বিকালে এ অভিযান পরিচালনা করা হয়। ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং বাজারে শৃঙ্খলা নিশ্চিত করাই ছিল এ কার্যক্রমের মূল লক্ষ্য।

মোবাইল কোর্ট চলাকালে বিভিন্ন দোকান পরিদর্শন করে সরকার নির্ধারিত মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টানানো, অতিরিক্ত দামে বিক্রি না করা, অবৈধ মজুতদারি পরিহার এবং নিরাপদভাবে জ্বালানি সংরক্ষণ ও বিক্রির বিষয়ে ব্যবসায়ীদের সচেতন করা হয়।পাশাপাশি আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়।
লামা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। তিনি জানান, বাজারে স্বচ্ছতা বজায় রাখা ও সাধারণ ভোক্তাদের অধিকার সুরক্ষায় এ ধরনের সচেতনতামূলক অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। চলতি সপ্তাহেই একই বিষয়ে পুনরায় মোবাইল কোর্ট পরিচালনার পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান।
এদিকে স্থানীয় ভোক্তারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে জ্বালানি বাজারে নিয়মিত নজরদারি অব্যাহত রাখার দাবি জানান।
আপনার মতামত লিখুন :