
লামার আলো ডেস্ক:-
লামা উপজেলা পরিদর্শন করে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়া উদ্দিন লামা উপজেলার সার্বিক বিষয়ে মুগ্ধতায় প্রশংসা করেন। গতকাল বুধবার ৮ অক্টোবর দুপুরে বিভাগীয় কমিশনার লামা পৌঁছলে উপজেলা পরিষদ চত্বরে লামা থানা পুলিশ তাঁকে গার্ড অব অনার দেন। এসময় লামা উপজেলা প্রশাসক নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন ও সরকারি বিভিন্ন দপ্তরের দাপ্তরিক প্রধানগন বিভাগীয় কমিশনার ও সফর সঙ্গী বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনিকে ফুল দিয়ে বরণ করেন। এর আগে লামা ইউএনও লামা চকরিয়া সীমান্ত থেকে প্রটোকল দিয়ে আনেন। প্রশাসনিক পরিদর্শন শেষে দুপুর ২টায় বিভাগীয় কমিশনার লামা উপজেলা প্রশাসন হলরুমে দাপ্তরিক প্রধানদের সাথে মতবিনিময় করেন। পরে বিকেল চারটায় মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্স পরিদর্শন করে সেখানে ‘বন রত্না’ নাম করণে একটি গেষ্ট হাউস উদ্বোধন করেন। এ সময় চা চক্রের ফাঁকে স্থানীয় সাংবাদিকরা লামা উপজেলার পর্যটন সেক্টর ও সাধারণ মানুষের কষ্টকর জীবনযাত্রার বিষয়ে নানা দিক উত্থাপন করেন। বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের মনোযোগ আকর্ষণ করে লামা প্রেসক্লাব সেক্রেটারী মুহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘বর্তমানে বৃহত্তর লামায় কর্মসংস্থানের সকল পথ রুদ্ধ। কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচী থাকলেও সেখানে খেটে খাওয়া মানুষের কাজের সুযোগ নেই। অপরদিকে সাম্প্রতিককালে নির্বাহী আদেশ ছাড়া ফ্রি জোত পারমিটের সকল কর্মকান্ড বন্ধ রেখেছেন লামা বন বিভাগ। এর ফলে শত শত শ্রমিক বেকারত্ব জীবন কাটাচ্ছেন। এর ফলে চুরি ছিনতাই বাড়ছে। অপরদিকে গাছ সৃজনকারী জোত/বাগান মালিকরাও চরমভাবে অর্থ সংকটে পড়েছেন। বর্তমানে প্রচুর পরিমান বৈধ জোতের কাঠ নষ্ট হয়ে যাচ্ছে। বন বিভাগ চট্টগ্রাম অঞ্চল প্রধানের সাথে সমন্বয় সাধন করে আপনার মাধ্যমে এর একটি সুরাহা হবে বলে আমরা আশাকরি।’ সাংবাদিকরা আরো বলেন, ‘লামায় অর্থনীতির সম্ভাবনাময় দিক এখন পর্যটন শিল্প। কিন্তু এই খাতে কিছু চ্যালেঞ্জ আছে। এর মধ্যে রাস্তাঘাট না থাকা অন্যতম। বিগত তিন দশক আগে পর্যটন পুলিশের জন্য একটি স্থান নির্ধাণপূর্বক অবকাঠামো করা হয়েছিল। সেখানে এখন জনবল পুলিশ দিয়ে কার্যকর করা দরকার। সরকারিভাবে গড়ে উঠা মিরিঞ্জা পর্যটন কেন্দ্রের উন্নয়নে কাজ করা দরকার।’ বিভাগীয় কমিশনার এসব দাবিগুলো শান্তভাবে শুনেন এবং তিঁনি এসব বিষয় নিয়ে সংশ্লিষ্ট মহলের সাথে আলোচনা করে জনগণের দুর্ভোগ লাগবে উদ্যােগ নিবেন বলে আশ্বস্ত করেন। শেষে বিভাগীয় কমিশনার লামা উপজেলার ছিমছাম সুন্দর পরিবেশে মুগ্ধতায় প্রশাসনের সার্বিক ব্যাবস্থাপনার সুনাম করেন।
আপনার মতামত লিখুন :