লামায় পাহাড়ি সন্ত্রাসীরা রাবার বাগানের সুপারভাইজারকে অপহরণ করেছে


admin প্রকাশের সময় : ডিসেম্বর ২০, ২০২৪, ৯:১৯ অপরাহ্ন /
লামায় পাহাড়ি সন্ত্রাসীরা রাবার বাগানের সুপারভাইজারকে অপহরণ করেছে
প্রিন্ট করুন

লামার আলো ডেস্ক:-পার্বত্য বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নস্থ লামা রাবার ইন্ডাস্ট্রি বাগান থেকে পাহাড়ি সন্ত্রাসীরা সুপারভাইজার জসিম উদ্দিনকে অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়াগেছে। সন্ত্রাসীদের একাধিক গ্রুপের দাবিকৃত চাঁদা দিতে না পারায়; এই ঘটনা ঘটছে বলে জানান রাবার ইন্ডাস্ট্রির এমডি মোঃ জহিরুল ইসলাম। এর আগে ১৯ ডিসেম্বর সকাল ৭টায় জেএসএস (সন্তু) সশস্ত্র একদল সন্ত্রাসী রাবার বাগানের একটি সেট আগুনে পুড়িয়ে দেয়। প্রায় ১৮ ঘন্টার ব্যবধানে রাত আনুমানিক পৌনে একটার সময় পুনরায় সশস্ত্র সন্ত্রাসীরা বাগানের কর্মরত জসিম উদ্দিন নামের একজন সুপারভাইজারকে অপহরণ করে নিয়ে যায় বলে জানান রাবার ইন্ডাস্ট্রি কর্তৃপক্ষ। এ বিষয়ে সরই ইউনিয়স্থ লামা রাবার ইন্ডাস্ট্রি লিঃ এর এম ডি মোঃ জহিরুল ইসলাম আরো জানিয়েছেন, ‘গত ১৫ দিন আগে তাদের ম্যানেজারকে মোবাইল ফোন কলে কে বা কারা চাঁদা দাবি করে আসছিল। ওই দাবি পূরণ না করায় ১৯ ডিসেম্বর সকালে বাগানে একটি স্ট্যাফ ঘর জ্বালিয়ে দেয়। আবার যাওয়ার সময় যোগাযোগ করার জন্য বলেন ও ‘নো ডিমান্ড’ শব্দ উচ্চারণ করেন তারা। গভীর রাতে যে ৫ জন অপহরণকারী এসেছিলো তাদের ১/২ জনের কাছে অস্ত্র ছিলো। সকালের ওই গ্রুপের সাথে এই ৫ জনের অমিল লক্ষ্য করাগেছে।’ অপহরণের পরপরই বাগানের ম্যানেজার সকালে আসা গ্রুপকে মুঠো ফোনে অপহরনের বিষয়ে জানান। তারা জানান, ‘অপহরণকারীরা আমাদের গ্রুপের কেউ নই, আপনারা প্রশাসনকে জানান আমরাও খোঁজ নিচ্ছি, কারা অপহরণ করেছে’। জসিম উদ্দিন এর অপহরণকারীরা মুক্তিপন দাবি করেছে বলে জানান রাবার ইন্ডাস্ট্রি কর্তৃপক্ষ। সরই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইদ্রিছ কোম্পানীর কাছে জানতে চাইলে, তিনি অপহরনের কথা শুনে সবাই মিলে সতর্কতার সাথে খোঁজ করছেন বলে জানান। লামা থানার ইনচার্জ (ওসি তদন্ত) এনামুল হক জানায়, এই ঘটনায় লিখিত অভিযোগ হয় নাই, তবে বিষয়টি পুলিশ অবগত হয়ে কাজ করছেন। অপহৃত জসিম উদ্দিন (৪৫) চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার ফকির টিলা হলুদিয়া গ্রামের বাসিন্দা মোঃ সাহাব উদ্দিন ও সালমা বেগমের সন্তান।