
লামার আলো ডেস্ক:-
“সবার আগে সুশাসন, জন সেবায় উদ্ভাবন” এই প্রতিপাদ্যে রোববার ১১ টায় লামা উপজেলা প্রশাসনের আয়োজনে পাবলিক সার্ভিস দিবসের শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় বক্তারা বলেন, ‘বাংলাদেশ সিভিল সার্ভিসে প্রবেশকালে কর্মকর্তাদের ধারণা দেওয়া হয়-সিভিল সার্ভিসের জন্য জনগণ নয়, বরং জনগণের জন্যই সিভিল সার্ভিস’। আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, জননিরাপত্তা বিধান, পাবলিক পরীক্ষা নিয়ন্ত্রণ, জনস্বাস্থ্য রক্ষা, ভূমি প্রশাসন, কৃষি উন্নয়ন, প্রকল্প বাস্তবায়ন, দারিদ্র্য বিমোচন, জনসংযোগ, পরিবেশ সংরক্ষণ, রাজস্ব আদায়, দুর্যোগ ব্যবস্থাপনা, প্রাথমিক ও গণশিক্ষা, সামাজিক উন্নয়ন, ভেজাল খাদ্য নিয়ন্ত্রণ, স্থানীয় সরকার ব্যবস্থাপনা ইত্যাদি জনপ্রশাসনের মূল কর্মকাণ্ড। এসব দায়িত্ব পালনের পেছনে সততা, মেধা ও দক্ষতাই সিভিল সার্ভিস সদস্যদের শক্তি ও প্রেরণার উৎস। প্রশাসন মানে শুধু কর্তৃত্ব আরোপ বা নিয়ন্ত্রণ নয়, এর সমান্তরালে ব্যবস্থাপনার বিষয়টিও অপরিহার্য। প্রশাসন-সুবিধাভোগীরা সমান্তরালে চলবেন।
অনুষ্ঠানে সভাপতি সহকারি কমিশনার (ভূমি) এস এম রাহাতুল বলেন, সিভিল সার্ভিস হোক সেবামুখী ও জনমুখী-এ প্রত্যাশায় জাতিসংঘের উদ্যোগে সারা বিশ্বে দিবসটি উদযাপিত হয়ে থাকে। এ দিবস থেকে অনুপ্রেরণা নিয়েই বাংলাদেশে জাতীয় পাবলিক সার্ভিস ডে পালন করা হচ্ছে।
বর্তমান সরকার সেবা প্রদানের ক্ষেত্রে আন্তরিক হয়েছে। অনেকে লক্ষ করে থাকবেন, আগে যারা সার্ভিস গ্রহণ করতেন, তারা সরকারি দপ্তরসমূহে ছুটে যেতেন। আর এখন সরকারি কর্মচারীরা সার্ভিস গ্রহণকারীদের খুঁজে বের করেন এবং সার্ভিস দিয়ে নিজেদের ধন্য মনে করেন। সরকার কঠোরভাবে সরকারি কর্মচারীদের ওপর ‘ওয়াচ-ডগে’র ভূমিকা পালন করছে। জরুরি সেবা নম্বর বা অ্যাপস চালু করা হয়েছে। বিনাখরচে দ্রুত সমাধান পাচ্ছেন সেবাগ্রহীতারা। এসব বিষয় জনপ্রিয় করতে প্রচার-প্রচারণা দরকার। বি আর ডি বি অফিসার এর সঞ্চলনায় অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তব্য দেন, উপজেলা ত্রাণ কর্মকর্তা মনিরুল মনি, উপজেলা প্রকৌশলী, পরিবার পরিকল্পনা অফিসার, লামা প্রেসক্লাব সেক্রেটারী প্রমূখ।
আপনার মতামত লিখুন :