
লামার আলো ডেস্ক:-
লামায় ঠুনকো ঘটনাকে কেন্দ্র করে পৃথক দু’টি রক্তাক্ত হামলায় ৬জনসহ মোট ১৫জন আহত। উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা বধুঝিরি ও কাঁঠালছড়া রোডে এই হামলার ঘটনা ঘটেছে বলে জানাগেছে। প্রকাশ, ১৫ মার্চ রাত সাড়ে আটটায় ইয়াংছা বধুঝিরি শহিদের দোকানের সামনে একটি তরমুজের খোসা ছোড়াকে কেন্দ্র করে বাকবিতন্ডা হলে তাৎক্ষণিক স্থানীয় লোকজনের মধ্যস্থতায় বিষয়টি সমাধান হয়ে যায়। ওই তুচ্ছ ঘটনার জের ধরে পরের দিন ১৬ মার্চ সন্ধ্যায় চিহ্নিত ৬ জনসহ অজ্ঞাতনামা ৪/৫ জন মিলে লোহার রড়, লাঠি, দা হাতে নিয়ে আয়েশা বেগম নামের এক নারীর বসত ভিটায় লুট-পাটের উদ্দেশ্যে হামলা করে ঘরের ভিতরে থাকা সোকেসের ড্রয়ার খুলে নগদ পঞ্চাশ হাজার টাকা, চার আনা ওজনের স্বর্ণের কানের দোল যার আনুমানিক মূল্য ত্রিশ হাজার টাকা লুট করে নিয়ে নেয়। ইফতারের মূহুর্তে হামলাকারীদের সন্ত্রাসী হামলা ও লুটের ঘটনায় আয়েশা বেগমের পরিবারের সদস্যরা আতংকিত ও ভীত সন্ত্রস্র হয়ে পড়ে। এসময় আয়েশা বেগমের পরিবার লোকজন প্রাণ ভয়ে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করেও রেহায় পায়নি। হামলাকারীরা সবাইকে লোহার রড় দিয়ে হত্যার উদ্দেশ্যে আঘাত করার সময় আয়েশা বেগমের বাম বাম হাতের হাড় ভেঙ্গে যায়। তার আত্ম চিৎকারে ছেলে জয়নাল আবেদীন (৩৪) মাকে বাঁচাতে আসলে, তার মাথায়ও লোহার রড় দিয়ে হত্যার উদ্দেশ্যে উপর্যপুরি আঘাত করায় মাথার উপরিভাগের দুই পাশ ফেটে চরম রক্তাক্ত জখম হয়ে প্রচুর রক্তক্ষরণ হয়। আহত বাবা ও দাদীর চিৎকার শুনে মোঃ সাইমুন ইসলাম (১৮) বাঁচাতে আসলে তাকেও আঘাত করলে মাথার বামপাশে ফেটে রক্তাক্ত জখম হয়। প্রত্যক্ষদর্শিরা জানায়, হামলাকারীরা ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে আয়েশা বেগমের পরিবারের সদস্যদের এলোপাতাড়ি মারধর করে। এতে অন্যান্য ভিকটিমদের শরীরের বিভিন্ন জায়গায় জখম করে। স্থানীয় সূত্রে জানাযায় হামলাকারীরা আয়েশা বেগমের ঘরের বিভিন্ন মূল্যবান জিনিসপত্র লুটতরাজ করে নিয়ে যায়। হামলাকারীরা হচ্ছে, মোঃ এনাম (২২) পিতা- মোঃ সাহাব উদ্দিন, আব্দুর রহিম (২৭) পিতা- মোঃ সাহাব উদ্দিন, মোঃ তারেক (১৯) পিতা- মোঃ নাছির উদ্দিন, মোঃ জমির (১৯) পিতা- মোঃ জসিম উদ্দিন, মোঃ কায়সার (৩৫) পিতা- মোঃ সিরাজ, নিশান (২০) পিতা- কমল বাবু, সর্ব সাং- ইয়াংছা বধুঝিরি, ০৭নং ওয়ার্ড, ফাঁসিয়াখালী ইউনিয়ন, লামা উপজেলা। এ ব্যাপারে আয়েশা বেগম আদালতে মামলা করবেন বলে জানিয়েছেন। এছাড়া একই দিন ইয়াংছা কাঁঠাল ছড়া রোডে পিকআপ ও মোটর সাইকেল ডাইভারের মধ্যে বাকবিতন্ডার জের ধরে থেমে থেমে দু’দফা মারামারির ঘটনায় কয়েকজন রক্তাক্ত হয়। সেনাবাহিনীর হস্তক্ষেপে ঘটনাটি আর ব্যাপকতা লাভ করেনি। জানাযায় ওই ঘটনায় আহত কয়েকজনের মধ্যে দু’জন নারীও রয়েছে। এ বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আপোষ মিমাংসার জন্য দেনদরবার চলছে।
আপনার মতামত লিখুন :