পার্বত্য লামা উপজেলায় ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’-২০২৬ পালিত


admin প্রকাশের সময় : মে ৪, ২০২৬, ৯:১১ পূর্বাহ্ন /
পার্বত্য লামা উপজেলায় ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’-২০২৬ পালিত
প্রিন্ট করুন

 

লামার আলো ডেস্ক:-

‘জবাবদিহী সংস্কৃতির প্রধান সহযাত্রী স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম’ শ্রোগানে লামায় ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’-২০২৬ পালিত হয়েছে। দিবস উপলক্ষে রোববার (৩রা মে) বিকেলে লামা উপজেলা প্রশাসন হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন। জেলা সহকারী (লামা জেলা) তথ্য অফিসার মোঃ রাশেদুল ইসলাম রাশেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন লামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহা কামাল, লামা প্রেসক্লাব সভাপতি বীরমুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া এবং প্রেসক্লাব সাধারণ সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান।

স্বাধীন গণমাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে কাজ করে এবং রাষ্ট্র ও সমাজে জবাবদিহির সংস্কৃতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হলুদ সাংবাদিকতা পরিহার করে সাংবাদিকতার নৈতিক আদর্শ বজায় রেখে বস্তুনিষ্ঠ, তথ্যভিত্তিক ও জনস্বার্থমূলক সংবাদ তৈরির ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

এছাড়াও বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের তাৎপর্য ও ইতিহাস তুলে ধরে বলা হয়; ১৯৯৩ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ এই দিবসটি ঘোষণা করে। আক্ষেপ করে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, বিশ্ব মুক্ত গণমাধ্যম ঘোষণার আগে সাংবাদিকতার ক্ষেত্র অনেক নিরাপদ ছিলো। বিগত শতকের আশির দশকে রাষ্ট্র সমাজ সাংবাদিকদের লেখনিকে গুরুত্ব দিত ও এই পেশার লোকদের নিরাপত্তা ছিলো। সাম্প্রতিক দশকে স্বাধীন সাংবাদিকতা বড় চ্যালেঞ্জিং পেশায় পরিণত হয়েছে। এই সময়ে রাজনৈতিক দুর্বৃত্তায়ন সাংবাদিকদেরকে অনিরাপদ করে তুলেছে। হত্যা, নির্যাতন, মামলা হামলার শিকার হচ্ছে সাংবাদিকরা। সাংবাদিক নেতৃবৃন্দ আরো বলেন, মুক্ত চিন্তার সাংবাদিকতার অন্তরায় দেশের কয়েকটি কর্পোরেট প্রতিষ্ঠান। মিডিয়া হাউজগুলোতে তাদের ব্যাবসা প্রসারে একচ্ছত্র আধিপত্য কায়েম করে রাজনৈতিক তোষামোদে এখন বস্তুনিষ্ঠ সাংবাদিকতা কোণঠাসা। দিবসের আলোচনায় সাংবাদিকরা সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে স্বচ্ছতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় অঙ্গীকার পুনর্ব্যক্তসহ তথ্যপ্রাপ্তিতে সহজিকরণ, পারিশ্রমিক ও নিরাপত্তার দাবি জানান। অনুষ্ঠানে মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, সাংবাদিক মোঃ তানফিজুর রহমান, মোহাম্মদ রফিকুল ইসলাম, খগেশ প্রতি চন্দ্র খোকন, তৈয়ুব আলী, আমিনুল ইসলাম প্রমূখ। আলোচনা সভায় লামা উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।