
লামার আলো ডেস্ক:-
আলীকদম জোন সেনা বাহিনীর পক্ষ থেকে বড় দিনের উপহার বিতরণ করেছেন। এই বিষয়ে মঙ্গলবার ২৩ ডিসেম্বর আলীকদম জোন কর্তৃক প্রদত্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়;বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের ধারাবাহিকতায় আলীকদম সেনা জোন কর্তৃক বড়দিন উপলক্ষে খ্রিষ্টান ধর্মাবলম্বী সুবিধাবঞ্চিত দুর্গম এলাকার জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
২৩ ডিসেম্বর ২০২৫ তারিখে ১২০০ থেকে ১৩০০ ঘটিকা পর্যন্ত আলীকদম সেনা জোনের আওতাধীন মেনদনপাড়া আর্মি ক্যাম্প হতে প্রায় ০৫ কিলোমিটার দক্ষিণে ছোটবেতী চাকনাও পাড়ায় আসন্ন খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বড়দিন উৎসব উপলক্ষে এই জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালিত হয়। উক্ত কার্যক্রমে লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশিকুর রহমান আশিক, এসপিপি, পিএসসি, এর নেতৃত্বে পাড়াবাসীর মাঝে ৪০টি কম্বল এবং ৫,০০০ (পাঁচ হাজার) টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।
এ সময় জোন কমান্ডার মহোদয় তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দেশের জনগণের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও দুর্গম ও সুবিধাবঞ্চিত এলাকার মানুষের কল্যাণে সেনাবাহিনীর এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সম্প্রীতির মাধ্যমে এলাকার শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি তিনি আসন্ন বড়দিন উপলক্ষে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও শুভকামনা জানান।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রাতপুং মো, চেয়ারম্যান, ৪নং কুরুকপাতা ইউনিয়ন পরিষদ। এছাড়াও স্থানীয় ইউপি সদস্য, কারবারি, পাড়াবাসী এবং ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ আনুমানিক ২০০-২৫০ জন উপস্থিত ছিলেন।
মানবিক সহায়তা, উন্নয়ন এবং শান্তিপূর্ণ সহাবস্থানে স্থানীয় জনগণের মাঝে আলীকদম সেনা জোন তথা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আস্থা ও ভালোবাসা আরও সুদৃঢ় করেছে বলে স্থানীয় জনগণ অভিমত ব্যক্ত করে।
আপনার মতামত লিখুন :