লামার আলো ডেস্ক:-আলীকদম-থানচি সড়কে জীপগাড়ি খাদে পড়ে ম্রো সম্প্রদায়ের এক যুবকের মৃত্যু। শিশুসহ নারী পুরুষ আরো ২০ জন আহত হয়েছেন।
শুক্রবার (১৬ মে) বেলা ১১টার দিকে আলীকদম থানচি সড়কে ২৬ কিলোমিটার নামক পয়েন্টে একটি জীপগাড়ি খাদে পড়ে এই দুর্ঘটনায় থংয়া ম্রো (২৫) নামে এক যুবক ঘটনাস্থলে প্রাণ হারান। দুর্ঘটনায় নারী, পুরুষ ও শিশুসহ আর ২০ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আলীকদম-থানচি সড়কের ২৬ কিলোমিটার এলাকার মাংগু পাড়ার ম্রো বাসিন্দারা একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে জীপগাড়িতে চড়ে আলীকদম কলারঝিরি যাচ্ছিলেন। গন্তব্যে পৌঁছানোর আগে কলারঝিরি এলাকার জমিরাম পাড়ার কাছে জিপটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৫০ ফুট গভীর খাদে পড়ে যায়। এতে এক যুবকের মৃত্যু হয়।
আহত ২০ জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আলীকদম স্বাস্থ্য কেন্দ্রের উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার মো মোস্তাফিজুর রহমান বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গেছেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে এবং গুরুতর আহত একজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :