লামায় মাদক সেবন ও মাতলামির দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড


admin প্রকাশের সময় : সেপ্টেম্বর ১২, ২০২৫, ৭:৪৩ পূর্বাহ্ন /
লামায় মাদক সেবন ও মাতলামির দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড
প্রিন্ট করুন

জাহিদ হাসান,লামা।।

বান্দরবানের লামা উপজেলায় মাদক সেবন ও মাতলামির দায়ে নাসির উদ্দিন রনি (৩২) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার গভীর রাতে লামা পৌরসভার মধুঝিরি পশ্চিমপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, মধুঝিরি ৭ নং ওয়ার্ডের বাসিন্দা নাসির উদ্দিন রনি (প্রকাশ: রনি) দীর্ঘদিন ধরে মাদক সেবন করে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছিলেন। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে লামা থানার এসআই আলমগীর হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে গাঁজা সেবনরত অবস্থায় হাতেনাতে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় তিনি মাদকাসক্ত হয়ে পথচারীদের ওপর হামলা ও বিরক্তিকর আচরণ করছিলেন।গ্রেপ্তারের পর রাতেই উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিনের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী নাসির উদ্দিনকে দোষী সাব্যস্ত করে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এ বিষয়ে লামা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন জানান, জনস্বার্থে মাদকের বিরুদ্ধে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে। মাদকাসক্ত হয়ে যারা জনজীবনে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।