
লামার আলো ডেস্ক:-
লামায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬ এর উদ্বোন হয়েছে। মঙ্গলবার (১৯ মে) থেকে বৃহস্পতিবার (২১ মে) পর্যন্ত এই মেলা চলবে। এবারের প্রতিপাদ্য হচ্ছে “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ।”
উদ্বোধনী অনুষ্ঠানে বলা হয়, ভূমির যে কোনো সেবা গ্রহীতা উপজেলা ভূমি অফিসে সশরীরে গিয়ে সরাসরি সেবা গ্রহণ ও ভূমি সংক্রান্ত সমস্যার তাৎক্ষণিক সমাধান পেতে পারেন।
এর আগে সোমবার (১৮ মে) বিকেলে লামা উপজেলা ভূমি অফিস কর্তৃক প্রেস কনফারেন্স করে সাংবাদিকদের ভূমি মেলায় প্রাপ্ত সুবিধাসমূহের বিষয়ে ব্যাপক প্রচারের অনুরোধ জানান। প্রেস কনফারেন্সে লামা উপজেলা নির্বাহী অফিসার অতিরিক্ত দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মঈন উদ্দিন ভূমি সেবার বিষয়ে অবহিত করেন।
সেবাসমুহের মধ্যে রয়েছে, ভূমি উন্নয়ন কর; ক্যাশলেস বা অনলাইনে ভূমি কর রেজিস্ট্রেশন এবং কর পরিশোধে সহায়তা। খতিয়ান ও মৌজা ম্যাপ: পর্চা/খতিয়ানের সার্টিফাইড কপি ও ম্যাপ উত্তোলনের তাৎক্ষণিক সহায়তা। কাগজপত্রের সঠিকতা নিশ্চিত করা, মেলা চলাকালীন সময়ে ভূমির নামজারী, সাব রেজি: ইত্যাদি দ্রুত সেবা সহায়তা। এছাড়া হেল্পলাইনে ভূমি সংক্রান্ত যেকোনো সমস্যা, অভিযোগ বা তথ্য জানতে কল সেন্টারে (১৬১২২) যোগাযোগের নিয়মাবলি সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করেন।
ভূমি সংক্রান্ত যেকোনো জরুরি সেবা, অনলাইন কর প্রদান এবং আবেদনের জন্য সরাসরি ব্যবহার করতে পারেন সরকারি ওয়েবসাইট: বাংলাদেশ ভূমি মন্ত্রণালয় পোর্টাল এবং ভূমি সেবা সিস্টেম। সেবা প্রার্থীরা স্মার্টফোনে “ভূমিসেবা” বা “Land Development Tax” অ্যাপ ব্যবহার করে ঘরে বসেই ভূমির যাবতীয় ডিজিটাল সেবা পেতে পারেন। তবে তিন পার্বত্য জেলায় পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি অনুস্মরণ করে সেবার কিছু তারতম্যের কথা জানানো হয়।
মঙ্গলবার সকাল ১০ টায় শোভাযাত্রা শেষে লামা উপজেলা প্রশাসন সভাকক্ষে মেলার উদ্বোধন করেন নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন। এ সময় উপজেলার ১৮টি মৌজার হেডম্যানগন, ভূমি অফিসের কর্মচারী, সাংবাদিক ও সাধারণ সেবাপ্রার্থীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :