পাকিস্তানের উত্তরাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নু জেলায় নিরাপত্তা বাহিনীর গাড়িবহরে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় অন্তত ৯ জন সেনা সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন।বৃহস্পতিবার (৩১ আগস্ট) এ হতাহতের ঘটনা ঘটে।
শুক্রবার (১ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, হামলার পর পুরো এলাকা কড়া নিরাপত্তায় ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এদিকে, কোনো গোষ্ঠী এখন পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি।পাকিস্তানের সেনাবাহিনীর গণমাধ্যম শাখা জানিয়েছে, আফগানিস্তান সীমান্ত থেকে প্রায় ৬১ কিলোমিটার (৩৭ মাইল) দূরে মোটরসাইকেল আরোহী আত্মঘাতী এ বোমা হামলা চালান। দুর্গম ওই সীমান্ত এলাকা জঙ্গি তৎপরতার আস্তানা হিসেবে পরিচিত হয়ে উঠেছে।প্রাদেশিক মন্ত্রী ফিরোজ জামাল শাহ বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, আত্মঘাতী বোমা হামলাকারী মোটরসাইকেল আরোহী ছিলেন। তার মোটরসাইকেলটি সামরিক গাড়িবহরে থাকা একটি ট্রাককে ধাক্কা দিলে ভয়াবহ বিস্ফোরণ ঘটে।আল জাজিরা বলছে, আফগানিস্তানের সীমান্তবর্তী পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলটি দীর্ঘদিন ধরে অশান্ত। সশস্ত্র যোদ্ধা ও সরকারের মধ্যে আলোচনা ভেঙে যাওয়ার পর গত বছর থেকে এ অঞ্চলে সন্ত্রাসী হামলা বেড়েছে। গত মাসে এ অঞ্চলের একটি রাজনৈতিক সমাবেশে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। ভয়াবহ ওই হামলায় ৬০ জনেরও বেশি মানুষ নিহত হয়।
আপনার মতামত লিখুন :