
লামার আলো ডেস্ক:
আলীকদম সেনা জোন (৩১ বীর) কর্তৃক স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। শুক্রবার (২১ এপ্রিল) বিকাল তিনটায় জোনের ক্যান্টিন সভাকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন জোন কমাণ্ডার লেঃ কর্নেল মোঃ সাব্বির হাসান, পিএসসি। শান্তিময় ও সম্প্রীতিপূর্ণ ঈদ উদযাপনে জোন কমাণ্ডার স্থানীয় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন।এসময় তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন, আইনশৃঙ্খলা ও নিরাপত্তা, এ অঞ্চলের সার্বিক উত্তরণের চাবিকাঠি। আলীকদম সেনা জোন এলাকায় শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য জনকল্যাণে কাজ করছে জোন সেনা সদস্যরা। স্থানীয় সাংবাদিকরা এ কাজের প্রচার-প্রসারে একইভাবে কাজ করছেন, তাদের দেয়া তথ্য উপাত্ত সেনাবাহিনীর কাজের সহায়ক।‘অর্থনৈতিক উন্নয়ন থেকে শুরু করে সন্ত্রাসীগোষ্ঠীর কার্যক্রম, পার্বত্য অঞ্চলে দাতা সংস্থা, ধর্ম, বর্ণ ও গোত্র নির্বিশেষে সকল কার্যক্রম পরিচালনা করাসহ দূর্গম এলাকায় নিরাপত্তা বাহিনীর কর্মকান্ড সম্পর্কিত সংবাদ তুলে ধরার মাধ্যমে সাংবাদিকগণের অপরিসীম ভূমিকা রয়েছে’ উল্লেখ করে জোন কমাণ্ডার বলেন, তথ্যনির্ভর সংবাদের মাধ্যমে পার্বত্য এলাকায় উন্নয়নের স্রোতধারা সারাবিশ্বকে জানান দেন সাংবাদিকরা। তিনি জন্যকল্যাণমূলক সংবাদ পরিবেশনের জন্য গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।এসময় উপস্থিত সাংবাদিকরা লামা-আলীকদম-ফাঁসিয়াখালী সড়কের কুমারী পয়েন্টে ডাকাত উপদ্রব এলাকায় সেনা টহলের দাবী জানালে জোন কমাণ্ডার সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেন।‘শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করছে’ উল্লেখ করে সেনা জোন কমান্ডার বলেন, পাহাড়ের সকল জাতি গোষ্ঠির সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে সকলকে একসাথে কাজ করতে হবে।তিনি বলেন, ‘পার্বত্যবাসীর শান্তি যাতে ষড়যন্ত্রকারীরা নষ্ট করতে না পারে সে বিষয়ে বিশৃঙ্খলাকারীদের গতিবিধির উপর সকলকে সজাগ থাকতে হবে। একই সাথে পাহাড়ি-বাঙ্গালী জাতিগত ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে সকলকে পাহাড়ে স্থায়ী শান্তির পথ সুগমে এক হয়ে পথচালার জন্য জোন কমান্ডার আহবান জানান।মতবিনিময় সভায় আলীকদম জোনের জোন উপ-অধিনায়ক মেজর মোঃ শওকাতুল মোনায়েম, পিএসসি, আলীকদম প্রেসক্লাবের সভাপতি মমতাজ উদ্দিন আহমদ, লামা প্রেসক্লাবের সেক্রেটারী মোঃ কামরুজ্জামন, লামার সিনিয়র সাংবাদিক মোহাম্মদ কামালুদ্দিন, মোঃ তানফিজুর রহমান, মোঃ নুরুল করিম আরমান, এম. বশিরুল আলম, আলীকদম রিপোর্টাস ক্লাব সভাপতি শুভ রঞ্জন বড়ুয়া, লামা রিপোর্টাস ক্লাব সভাপতি তৈয়ব আলীসহ আলীকদম ও লামা উপজেলার বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।মতবিনিময় সভার শেষে আলীকদম জোনের পক্ষ থেকে আলীকদম ও লামা উপজেলার সাংবাদিকদের মধ্যে জোন কমাণ্ডার ঈদ উপহার প্রদান করেন। এসময় তিনি সবাইকে ঈদের দিন জোনে আমন্ত্রণ জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :