
লামার আলো ডেস্ক:-
আলীকদমে দীর্ঘদিন ধরে গ্রামীন অবকাঠামো উন্নয়ন কাজে প্রকৌশল বিভাগের অবহেলা দুর্নীতি যেন অভিশাপে রুপ নিয়েছে। রাস্তা, কালভার্ট, অন্যান্য অবকাঠামো উন্নয়ন কাজে কোনোভাবেই অনিয়ম দুর্নীতি ঠেকানো যাচ্ছে না। এমন অভিযোগ স্থানীয়দের। এসব অনিয়মের হাল দৃষ্টান্ত; আলীকদম রেপাড়পাড়া বাজারে দ্বিতল মার্কেট নির্মাণে নিম্মমানের সামগ্রী ব্যবহারের চিত্রটি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বান্দরবান কর্তৃক নির্মাণাধীন মার্কেট ব্যয় বরাদ্দ বা এতদ বিষয়ে কোনো সাইন বোর্ড নেই নির্মাণ এলাকার আশে পাশে। ২৫ নভেম্বর সরেজমিন দেখাযায়, প্রকৌশল বিভাগের কোনো লোকজন ছাড়াই পিলার ঢালাই দিচ্ছে নির্মাণ শ্রমিকরা। সিলেক্ট সেন্ডের স্থলে ফাঁসিখালীর লাল বালু ও লাল বালুর স্থলে ব্যবহার হচ্ছে লোকাল খালের বালু। দ্বিতল মার্কেটটির নীচের অংশ খোলা বাজার হিসেবে ব্যবহার হবে। ফলে নির্মাণাধীন মার্কেট ভবনটির নীচে ইটের দেওয়াল হবেনা, উপরের ভর নিবে নীচের পিলারগুলো। কিন্তু নির্মাণ শ্রমিকরা পিলার ঢালাইয়ের সময় ভাইব্রেশন করছেন না। ফলে পিলারগুলোর ভেতরে কতক অংশ শুণ্য থেকে যায়। যার কারণে এত বড় ভবনটির নিরাপত্তা বা টেঁকসই নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা। বাজার ব্যবসায়ীরা নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে নির্মিত ভবনের অংশগুলো ভেঙে পুনরায় নির্মাণের দাবি তুলেছেন। ব্যাপারে বান্দরবান স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলীর সাথে মুঠো ফোনে কথা হয়, তিনি জানান বিষয়টি দেখা হবে। কথা হয় আলীকদম উপজেলা প্রকৌশলীর সাথে, তিনি বলেন এলজিডি উপ-সহকারী প্রকৌশলীর অনুপস্থিতিতে ঢালাইয়ের কাজ হওয়ার কথা নয়। এমনটা করা হলে ঢালাই ভেঙে পূনরায় করানো হবে। কিছুক্ষণ পরে সাইটে আসেন প্রকৌশল বিভাগের ওয়ার্ক এসিস্ট্যান্ট আসাদুল ইসলাম। বিষয়টি তাকে জানানো হয় এবং সে নিজেই অনিয়মগুলি প্রত্যক্ষ করেন। ভাইব্রেশন না করা, নিন্মমানের (লোকাল বালুদ্বারা) নির্মাণ সামগ্রী ব্যবহারে করা কাজ পূনরায় করিয়ে নেয়া হবে বলে জানান সে। স্থানীয়দের অভিযোগ কাজের শুরুতেই অনিয়ম হয়ে আসছে। কর্তৃপক্ষের জ্ঞাতসারে নির্মাণ কাজে এসব অনিয়ম দুর্নীতি হচ্ছে বলে দাবি করেন বাজার ব্যবসায়ি নেতারা। বিষয়টি স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের ঊধ্বর্তন কর্তৃপক্ষ নজরে আনার দাবি করেন বাসিন্দারা। বাজার ব্যবসায়ি, কৃষক ও ক্রেতা সাধারণের সুবিধার্থে বাজার সম্প্রসারণ ও উন্নয়নে বর্তমান সরকার কাজ করছেন। এই ধারাবাহিকতায় বান্দরবান জেলার সরকারি বাজারগুলোতে উন্নতমানের মার্কেট ভবন নির্মাণ করে দেয়া হচ্ছে। এই উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে রেপাড়পাড়া বাজারে ৪ কোটি টাকা ব্যয়ে একটি বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে।
ব্যপারটি নিয়ে সর্বশেষ কথা হয় আলীকদম উপজেলা নির্বাহী অফিসারের সাথে; তিনি বিষয়টি নিয়ে উপজেলা প্রকৌশলীর সাথে আলাপ করে কাজের মান রক্ষার তাগিদ দেয়া হবে বলে জানান।
আপনার মতামত লিখুন :